অস্ট্রেলিয়ার পেসারদের আগ্রাসী আচরণ নতুন কিছু নয়। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজের সঙ্গেও মেজাজ হারিয়ে তর্কে জড়িয়েছিলেন মিচেল স্টার্ক। তৃতীয় দিন শেষে সেই ঘটনার কারণ জানালেন মিরাজ।
ঘটনাটি নিয়ে মিরাজ বলেন, ‘ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল সে (স্টার্ক), আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, “না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।”
ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা ওভারের প্রথম বলেই চার হাঁকান মিরাজ। পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার সময় স্টার্কের প্রায় সামনে চলে যান তিনি। বিষয়টি আম্পায়ার ধর্মসেনার নজরে পড়লে মিরাজকে সতর্ক করা হয়।
এরপর মিরাজ বলেন, ‘আমি দেখতে পাইনি।’ তখন মেজাজ হারিয়ে স্টার্ক বলেন, ‘এটা আমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’ পরে নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে আরও বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’
এদিকে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়াকে দ্রুত চাপে ফেলার পরিকল্পনার কথাও জানান মিরাজ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।’
উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘উইকেটটা এখনও ভালো আছে। আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে।’
সতীর্থদের প্রশংসা করে মিরাজ আরও বলেন, ‘অবশ্যই, সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার দায়িত্বটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’