দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এবং আল্লাহর রহমত থাকলে দ্রুতই মানুষকে এই সংকট থেকে বের করে আনা সম্ভব হবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্রদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারপ্রধান বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের জন্য কষ্ট পাচ্ছেন, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। কিন্তু আপনাদের সরকার কাজ করছে, আমরা কাজ করছি, যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য।’
তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে এবং আল্লাহর রহমত থাকলে দ্রুতই এই পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনা হবে, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি পেতে পারে।’
এ সময় একটি রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘পেছনে ফ্যান ঘুরছে, আর সামনে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বসে বলছে, গ্যাস দে, বিদ্যুৎ দে।’ এ ধরনের কর্মকাণ্ডকে তিনি হঠকারিতা বলে মন্তব্য করেন।
জ্বালানি সংকট মোকাবিলায় আগামী ১০ বছরের একটি রূপরেখা সংসদে উপস্থাপনের কথা জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা নিয়ে আসতে হবে। জনগণের সামনে সেই পরিকল্পনা উপস্থাপন করতে হবে এবং কার্যকর পরিকল্পনা সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি।
সরকারপ্রধান আরও বলেন, বিভ্রান্তি ও ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করেছে। এ ধরনের হঠকারিতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে হবে।