মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে আরও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—ওই গ্রামের আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) এবং ফারুক ফরাজীর মেয়ে আতিকা আক্তার (১৩)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে জান্নাত, আতিকা ও লাবিবা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা পর দুপুর ৩টার দিকে পুকুরের পানিতে জান্নাত ও আতিকার মরদেহ ভেসে ওঠে। পরে তল্লাশি চালিয়ে লাবিবাকেও উদ্ধার করা হয়।
স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাত ও আতিকা আক্তারকে মৃত ঘোষণা করেন। লাবিবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত দুই শিশুর মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন। আহত লাবিবা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।