মাঠের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। কিন্তু সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে ইরানি ফুটবলাররা রেখে গেছেন আরেকটি বার্তা, যা ম্যাচের ফলাফলের বাইরেও আলোচনার জন্ম দিয়েছে।
লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ০-০ গোলে ড্র করার পর আবারও যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানকে। তবে দেশ ছাড়ার আগে ড্রেসিংরুমে একটি চিঠি রেখে যান দলটির ফুটবলাররা। পরে সেই চিঠির ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।
চিঠিতে লেখা ছিল, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’
বিশ্বকাপজুড়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া ইরানের জন্য এই বার্তাটি ছিল নিজেদের পরিচয় ও অবস্থান তুলে ধরার এক প্রতীকী প্রচেষ্টা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরও ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছিল দলটি। বিষয়টি নিয়ে প্রকাশ্যে অসন্তোষও জানিয়েছেন দলের কোচ ও অধিনায়ক।
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। তবে বিদায়ের আগে লস অ্যাঞ্জেলেস শহর ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ইরানি ফুটবলাররা। চিঠিতে তারা লিখেছেন, ‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’

শুধু আয়োজকদের নয়, সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি। একই সঙ্গে বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তি ও সম্প্রীতির আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে লেখা ছিল, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
চিঠির সবচেয়ে আলোচিত অংশ ছিল লাল কালিতে লেখা ‘১৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করেই এই বার্তা লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে শুরু থেকেই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে ইরান। বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে সীমান্তবর্তী তিজুয়ানায় নিতে হয়। সেখান থেকে ম্যাচের আগের দিন ভেন্যুতে এসে খেলে আবার যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হচ্ছে দলটিকে।
এত প্রতিকূলতার মধ্যেও মাঠে লড়াই থামায়নি ইরান। দুই ম্যাচে দুটি ড্র করে এখনও নকআউটের আশা ধরে রেখেছে তারা।
বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের নায়ক ছিলেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক পুরো ম্যাচে ৭টি সেভ করেন, যার মধ্যে ৪টি ছিল ডাইভিং সেভ। ২৩টি শট ও ৭টি অন টার্গেট প্রচেষ্টা নিয়েও বেলজিয়াম তার দুর্দান্ত পারফরম্যান্সের সামনে গোলের দেখা পায়নি।