ডিজিটাল আর্থিক লেনদেনে গ্রাহকের নিরাপত্তা জোরদারে বিভিন্ন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।
বিজ্ঞপ্তিতে এটিএম ব্যবহারের ক্ষেত্রে পিন নম্বর গোপন রাখা এবং লেনদেন শেষে কার্ড সঠিকভাবে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পিওএস ও কিউআর কোড ব্যবহারকালে নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার এবং লেনদেনের তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
এ ছাড়া এমএফএস ব্যবহারে ব্যক্তিগত তথ্য ও গোপন পিন নম্বর কাউকে শেয়ার না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে গ্রাহকদের সচেতনতার পাশাপাশি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।