সোমবার (১৮ মে) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।’
এর আগে, দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়। ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করেন।
জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করা হয়। এ ঈদে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।