আসন্ন পবিত্র ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এদিন সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে। এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির সুবিধার বাইরে থাকবেন বলে জানিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তের ফলে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিললেও ছুটির ভারসাম্য রক্ষায় একটি সাপ্তাহিক ছুটি কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।