২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই শিরোপার সম্ভাব্য দাবিদারদের তালিকা সামনে আনলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, এবারের শিরোপা লড়াই মূলত ঘুরবে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানিকে ঘিরে।
তবে নিজের দেশ ব্রাজিলকেও তিনি শিরোপার দৌড় থেকে বাদ দিতে রাজি নন। জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচের আগে ফরাসি গণমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে। তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আর জার্মানি সব সময়ই বিপজ্জনক। এই চার দলই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।’
রোনালদোর মতে, ব্রাজিলের শিরোপা স্বপ্ন অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপর। দীর্ঘ চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরা এই তারকাকে ঘিরেই দলের বড় আশা দেখছেন তিনি। গ্রুপ পর্বের শুরুতে না খেললেও স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে ফেরেন নেইমার।
তিনি বলেন, ‘নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য বর্তমান দলে আর কারো নেই। সে এখন ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। আমি বিশ্বাস করি, নকআউট পর্বে সে সমালোচকদের জবাব দেবে।’
২০০২ বিশ্বকাপে চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানোর অভিজ্ঞতাও মনে করিয়ে দেন রোনালদো। তিনি বলেন, ‘আমি জানি ইনজুরি থেকে ফিরে বড় মঞ্চে খেলাটা কতটা কঠিন। তাই নেইমারের জন্য আমি রোমাঞ্চিত। তার আর কিছু প্রমাণ করার নেই, তবে সে যদি নিজের সেরাটা খেলতে পারে, তাহলে সবাইকে ভুল প্রমাণ করবে।’
এবারের আসরে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র হলেও রোনালদোর বিশ্বাস, ভিনিসিয়ুসের ধারাবাহিকতার সঙ্গে নেইমারের অভিজ্ঞতা যোগ হলে হেক্সা জয়ের স্বপ্ন আরও শক্তিশালী হবে।