বাংলাদেশ সীমান্ত অঞ্চলে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।
তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।