গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার, একটি হারেই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন। এমন পরিস্থিতিতে আজ (সোমবার) রাত এগারটায় এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, নেইমার জুনিয়রকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে ৯৮১ দিন পর জাতীয় দলে ফেরেন নেইমার। বদলি হিসেবে মাঠে নেমে অল্প সময় খেললেও জাপানের বিপক্ষে তাকে আরও বেশি সময় খেলানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।
তবে প্রতিপক্ষকে একটুও হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমাদের ভালো অভিজ্ঞতা আছে যে, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের জন্য আমাদের পূর্ণ সমর্থন আছে এবং প্রস্তুতিটাও ফাইনাল খেলার মতো করেই নিচ্ছি, কারণ আমাদের কাছে এটা ফাইনালের মতো। আমাদের শক্তিশালী মানসিকতা ও হৃদয় প্রয়োজন। নকআউট ম্যাচ জিততে যা করা প্রয়োজন সবকিছুর জন্য প্রস্তুত, হতে পারে অতিরিক্ত সময় খেলা কিংবা পেনাল্টি। দল প্রস্তুত, অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী। তবে এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই খুব কঠিন।’
শুরুর একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘আমার মনে হয় খুব বেশি পরিবর্তন আসবে না, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় সেটি চূড়ান্ত হয়। দিন শেষে আমরা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’
বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দলকেই স্পষ্ট ফেভারিট মানতে নারাজ এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, ‘গ্রুপ পর্বে হয়তো কোনো দল অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে। তবে আমি মনে করি না যে, এখনও চূড়ান্ত ফেভারিট কেউ সামনে এসেছে। এটি অনেক কঠিন লড়াই এবং ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা।’
নকআউটের প্রথম পরীক্ষায় ব্রাজিল জাপানের বাধা পেরোতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।