পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার আনন্দে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরাও হয়েছেন লিটন কুমার দাস। প্রথম ইনিংসে ১২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
তবে মাঠের এই সাফল্যের মাঝেও গভীর বেদনায় ভেঙে পড়েছেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় হৃদয়বিদারক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
নিজেও একজন কন্যাসন্তানের বাবা হওয়ায় ঘটনাটি তাকে আরও বেশি নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন লিখেছেন, ‘একজন কন্যাসন্তানের বাবা/মা হিসেবে রামিসার খবরটি শোনা অত্যন্ত মর্মাহত ও হৃদয়বিদারক।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা কোনো সমাজেই সহ্য করা যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারে।’
রামিসার ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন লিটন। তার ভাষায়, ‘যেকোনো অন্যায়ের ক্ষেত্রে অবশ্যই যথাযথ বিচার হওয়া উচিত, এবং রামিসার ক্ষেত্রে সেই বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে। রামিসার জন্য ন্যায়বিচারের দাবিতে আমরা যখন একসঙ্গে দাঁড়িয়েছি, তখন এটাও স্পষ্টভাবে বলতে হবে — এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’
সবশেষে তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনা আর কখনও দেখতে চান না।