ঢালিউডের প্রশংসিত সিনেমা ‘মানুষের বাগান’ ভারতের ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি এই উৎসবে ‘সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার পেয়েছে।
২১ মে চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে পুরস্কার গ্রহন করেন ফরিদুর রেজা সাগর। গত ১৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশনার প্রীতি রহমান। পরিচালক ও পুরো টিমের প্রতিনিধিত্ব করে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।