বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত দেশটির আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাসুয়ায় ১৭, নুয়াকোটে ২৮, ধাদিংয়ে ৩৩, চিতওয়ানে ১৩২, গোরখায় ৩০, তানাহুনে ২২, নাওয়ালপরাসি ইস্টে ৮২ এবং নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বন্যাকবলিত জেলাগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। পাশাপাশি আরও বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন উদ্ধারকর্মীরা। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসাবশেষে আটকে থাকা সড়কগুলোও পরিষ্কারের কাজ চলছে।
এর আগে বন্যার পানি প্রথমে রাসুয়া ও আশপাশের কয়েকটি এলাকায় ব্যাপকভাবে আঘাত হানে। পরে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হয়ে বিভিন্ন বসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি করে।