জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক অধ্যাপকের কক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষের লকার থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক অনন্যা ফারিয়া।
অনন্যা ফারিয়া জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম ফোন করে জানান, অধ্যাপক ড. সাজেদুর রহমান তার কক্ষের লকারে একটি সাপ দেখতে পেয়েছেন। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন তিনি।
তিনি বলেন, উদ্ধার করা সাপটি একটি নির্বিষ দাঁড়াশ। এর দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট। সাপটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিগগিরই এটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ ও সচেতনতা তৈরিতে কাজ করছে। বিশেষ করে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে এগুলোকে আঘাত না করার বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি।