ফেনীতে মাদক কারবারের প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে ‘হাতকাটা’ কাদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন সিও অফিস বাজারের মাহি কুলিং কর্ণারে এ হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার আবদুল কাদের ওরফে ‘হাতকাটা কাদের’ (২৮), তার ভাই আবু বক্কর (৩২), বোন ফাতেমা আক্তার (৩০) ও স্ত্রী ফারজানা সুলতানা (২২)। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানপুর ও বারাহীপুর এলাকায় মাদক কারবারের প্রতিবাদে সম্প্রতি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী আবদুল আলিম রুবেল। এর জেরে শনিবার কাদের ও তার পরিবারের সদস্যরা রুবেলের দোকানে গিয়ে হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ।
এ সময় রুবেলের বাবা খুরশিদ আলমকে মারধর করা হয়। পরে রুবেল দোকানে এলে তাকেও মারধর করা হয়। বাধা দিতে গেলে তার ফুফাতো ভাই আলমগীরকেও মারধর করা হয়। দোকানের সিসিটিভি ফুটেজে হামলা ও ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় রুবেল বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। এজাহারে তার পকেটে থাকা বিকাশ ও নগদের প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
রুবেল বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয়দের চলমান আন্দোলনে সম্পৃক্ত থাকায় ক্ষিপ্ত হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।
এদিকে হামলাকারীদের বিচারের দাবিতে শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, ব্যবসায়ীর করা মামলায় অভিযান চালিয়ে কাদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।