বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত পরীক্ষায় মানদণ্ডে ব্যর্থ হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা, বাঘাবাড়ী ব্র্যান্ডের ঘিসহ কয়েকটি প্রতিষ্ঠানের ঘি ও বাটার অয়েল রয়েছে।
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছে বিএসটিআই। একই সঙ্গে ভোক্তাদের এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা সংগ্রহ করে নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এতে কয়েকটি পণ্যে জাতীয় ও আন্তর্জাতিক মানের ব্যত্যয় পাওয়া যায়।
পরীক্ষায় বাঘাবাড়ী প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি ছাড়াও অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েলে ত্রুটি শনাক্ত হয়েছে।
বিএসটিআইয়ের পরীক্ষার ফল অনুযায়ী, এসব ঘি ও বাটার অয়েলে দুধের চর্বির পরিবর্তে পাম অলিন ও বনস্পতি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু ও স্যাপোনিফিকেশন ভ্যালুসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাসায়নিক বৈশিষ্ট্যের নির্ধারিত মানও পূরণ হয়নি।
অন্যদিকে বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলার কয়েকটি ব্যাচ পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এসব পণ্যে নির্ধারিত সীমার চেয়ে বেশি মোট অ্যাশ (ছাই) ও লবণের উপস্থিতি পাওয়া গেছে।
বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, পণ্যের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উপাদানগুলো ভালোভাবে যাচাই করার পরামর্শ দেন। পাশাপাশি কোনো পণ্যে ভেজাল বা প্রতারণার অভিযোগ থাকলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ অথবা ই-মেইলের মাধ্যমে জানাতে অনুরোধ করেন।