দেশের বাজারে কমেছে সোনার দাম। সোমবার (২৯ জুন) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে তিন হাজার ২৬৬ টাকা। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এ সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার সকাল ১০টায় এই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের দাম হয়েছে দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম হয়েছে এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সোমবার দাম কমার আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
অর্থাৎ, ২১ ক্যারেটের সোনার দাম তিন হাজার ১৫০, ১৮ ক্যারেট দুই হাজার ৬৮২ ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমেছে।
বাজুস জানায়, পরের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর দুই হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর পাঁচ শতাংশ।