যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়েএমভি এম পি আলট্রা ম্যাক্স-২ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর-৩-এর অধীনে এ চালান এসেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ১ ও ২ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে। এর আগে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
উল্লেখ্য, জি টু জি-১ অনুযায়ী দুই লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-২ অনুযায়ী দুই লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন, মোট চ্চার লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।
দেশে মোট গমের চাহিদা কম-বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম-বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।