ঢাকার দোহারে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে পীর ডালু শাহকে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) সকালে দোহার বাজার থেকে সোনারবাংলা যাওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় পীর ডালু শাহ। এসময় সোনারবাংলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ও স্থানীয়রা এর প্রতিবাদ করতে ঘটনাস্থলে জড়ো হয়।
এক পর্যায়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ডালু শাহ। পরে স্থানীয়রা তাকে লাঞ্ছিত করেন এবং উপস্থিত লোকজন কাটাতারের বেড়া উপড়ে ফেলেন।
স্থানীয়রা জানান, সোনারবাংলা এলাকা থেকে দোহার বাজারে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শতাধিক লোকজন চলাচল করেন। রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেন পীর ডালু শাহ্।
এবিষয়ে পীর ডালু শাহ্ বলেন, ‘এটি আমার ব্যক্তি মালিকানাধীন জমি। পাশে দরবার শরীফ ও আমার পেট্রোলপাম্প। এই দুটি স্থাপণা রক্ষার জন্য আমি কাঁটাতারের বেরা দিয়ে জায়গাটি বন্ধ করে দিয়েছি। কিন্তু, স্থানীয় কিছু সন্ত্রাসী আমাকে লাঞ্ছিত করেছে। আমি এখন হাসপাতালে আছি। চিকিৎসা নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’
দোহার থানার ওসি আবু বকর জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।