ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নিযুক্ত হওয়ার প্রায় এক মাস কেটে গেলেও এখন পর্যন্ত বিশ্ববাসী তাকে জনসম্মুখে দেখেনি। সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি বেশ কিছু বিবৃতি দিলেও সেগুলো কেবল ইরানের জাতীয় টেলিভিশনে পাঠ করা হয়েছে। দীর্ঘ সময় প্রকাশ্যে না আসায় তার স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, মোজতবা খামেনি ‘ইরানেই অবস্থান’ করছেন।
আরটিভিআই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার (১ এপ্রিল) রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ বলেন, “সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশেই আছেন, তবে কিছু ‘বোধগম্য কারণে’ তিনি বর্তমানে জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন।”
মোজতবা খামেনির অবস্থান নিয়ে গুঞ্জন
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপরই তার স্থলাভিষিক্ত হন তার ছেলে মোজতবা খামেনি।
যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, ইরানের নতুন এই সর্বোচ্চ নেতা নিজেও ওই হামলায় আহত হন এবং সম্ভবত তার চেহারা ‘বিকৃত’ হয়ে গেছে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন দাবিও করা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোজতবা খামেনিকে বিমানে করে মস্কো নেওয়া হয়েছে।
রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং গত বছর দেশ দুটি একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
মোজতবা খামেনির অবস্থান নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্য প্রমাণ করে, রাশিয়ার সঙ্গে ইরানের যোগাযোগ ও সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি