হোয়াইট হাউসের কাছে এমন একটি স্মারক স্তম্ভ বসানো হয়েছে, যেখানে নিজের নাম দেখেও সম্ভবত খুব খুশি হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পছন্দের অতিরঞ্জিত কৃত্রিম মার্বেল দিয়ে ঘেরা একটি সোনালি রঙের টয়লেটের ওপর একটি ফলকে লেখা আছে—‘আ থ্রোন ফিট ফর আ কিং’, যার অর্থ ‘একজন রাজার উপযোগী সিংহাসন’।
‘সিক্রেট হ্যান্ডশেক’ নামে নিজেদের পরিচয় দেওয়া শিল্পীদের একটি গোপন দল এই অস্থায়ী স্থাপনাটি তৈরি করেছে। হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে লিংকন মেমোরিয়ালের কাছে মঙ্গলবার (৩১ মার্চ) এই স্থাপনাটি দেখতে পর্যটক ও ট্রাম্পবিরোধীদের দীর্ঘ লাইন দেখা যায়। ৭৮ বছর বয়সী ন্যান্সি চেজ এএফপিকে বলেন, ‘আমি ট্রাম্পকে ঘৃণা করি, তাই এই ছবি তুলতে ওয়াশিংটনে এসেছি।’
ক্ষমতায় ফিরে আসার পর প্রথম বছরেই ট্রাম্প ওয়াশিংটনে তার নিজস্ব স্টাইলের ছাপ রাখতে অনেক পরিবর্তন এনেছেন। খ্যাতনামা ওভাল অফিস এখন সোনালি অলংকারে ভরা, আগে সাদামাটা ও অভিজাত রোজ গার্ডেন পাকা করে ফেলা হয়েছে, আর হোয়াইট হাউসের পুরো ইস্ট উইং ভেঙে সেখানে একটি বড় বলরুম নির্মাণ করা হয়েছে।
ট্রাম্প নিজেকে সবকিছুর কেন্দ্রে রাখতে পছন্দ করেন। তার প্রতিকৃতি নতুন একটি মুদ্রায় রাখার পরিকল্পনা রয়েছে এবং রাজধানীর কেনেডি আর্টস সেন্টারে ইতোমধ্যে বড় অক্ষরে তার নাম লেখা হয়েছে।
উইলিয়াম হোকার নামের এক ব্যক্তি সাইকেল চালিয়ে এই ব্যঙ্গাত্মক সোনালি টয়লেটটি দেখতে আসেন। তার মতে, স্মারকটি যথাযথ হয়েছে। ৬৯ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত ব্যক্তি বলেন, ‘এই ভাস্কর্যটি সরিয়ে ফেলার আগে আমি দেখতে চেয়েছিলাম। আমার মনে হয় এটি হোয়াইট হাউসে থাকা লোকটিকে পুরোপুরি তুলে ধরে—এটা কেবলই অশোভন প্রদর্শন।’ অন্যদিকে হোকারের বন্ধু স্টিভ তুলট বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্টকে নিয়ে এমন মজা করা দরকার।’
‘সিক্রেট হ্যান্ডশেক’ নামের এই গেরিলা শিল্পী দলটি গত এক বছরে ওয়াশিংটনের বিভিন্ন জায়গায় এমন উসকানিমূলক অস্থায়ী ভাস্কর্য বসিয়েছে। এর মধ্যে একটি ভাস্কর্যে ট্রাম্পকে তার সাবেক বন্ধু ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখানো হয়েছিল।