চলতি মৌসুমে কোনো দলই নিতে চায় না এমিলিয়ানো মার্টিনেজকে। কদিন আগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত পিছু হটে ওল্ড-ল্যাডিরা। আগের মৌসুমেও (২০২৫-২৬) দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। অবশ্য সেবারও কোনো দল তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। কিন্তু সময় বদলাতেই নিজের ভাগ্য খুলেছে আর্জেন্টাইন এই গোলরক্ষকের। শেষ পর্যন্ত লন্ডনের ক্লাব চেলসি তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
গোলরক্ষকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই বড় সিদ্ধান্তের পথে হাঁটছে চেলসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, মার্টিনেজের জন্য ভিলাকে প্রস্তাবও দিয়েছে চেলসি।
চেলসির বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজ গত সোমবার ফুলহামেরর বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার পারফরম্যান্সের পরই গোলবারে পরিবর্তনের ভাবনা জোরালো হয়েছে।
এর আগে গত মৌসুমে স্ট্রাসবুর্গে লোনে খেলা ২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে সানচেজের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল। তবে এবার অভিজ্ঞ মার্টিনেজকে পাওয়ার সম্ভাবনা চেলসির পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। দলবদলের সময় শেষ হওয়ার আগেই আর্জেন্টাইন তারকাকে দলে টানতে চায় তারা।
অ্যাস্টন ভিলাও মার্টিনেজকে ছেড়ে দেওয়ার বিষয়ে বেশ ইতিবাচক। জাপানের গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নেওয়ার পর তাকে ভবিষ্যতের এক নম্বর গোলরক্ষক হিসেবে ভাবছে ভিলা। একই সঙ্গে মার্টিনেজের অধারাবাহিকতা, দলের গড় বয়স কমানো এবং আর্থিক নিয়ম মেনে চলার প্রয়োজনও রয়েছে ক্লাবটির।
২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। এবার আবারও ফিরতে পারেন লন্ডনে তবে গানার্দের হয়ে নয় বরং ব্লুজদের হয়ে নীল জার্সিতে।