কক্সবাজারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাগরে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।
নৌকাডুবির পর আলবার্ট নিখোঁজ থাকায় তাকে উদ্ধারে অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। নেভির মিডিয়া বিভাগ জানায়, নিখোঁজ কিশোরকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছিল।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি নৌকা নিয়ে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এর আগে গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকারও হয়েছিলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা কোস্টগার্ডের হেফাজতে ছিলেন।
মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া পরিবারের তিন সদস্য বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।