দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো টেস্ট খেলেনি টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
দীর্ঘ বিরতির পর এই সিরিজে দু’দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সামনে রয়েছে ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ। বাংলাদেশের মুশফিকুর রহিমের সামনে সবচেয়ে বড় লক্ষ্য ৭ হাজার টেস্ট রান। ১০৩ ম্যাচে ৬ হাজার ৮০৬ রান করা মুশফিকের আর দরকার ১৯৪ রান। সেটি করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১১৯ রান করেছিলেন তিনি। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছেন এই তারকা ব্যাটার।
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডও দাঁড়িয়ে আছেন বড় এক মাইলফলকের সামনে। টেস্টে তার উইকেট এখন ২৯৫টি। আর ৫ উইকেট পেলেই ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করবেন তিনি। এমনটা হলে ইতিহাসের ৪২তম এবং অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই কীর্তি গড়বেন হ্যাজলউড।
মিচেল স্টার্কের সামনে রয়েছে আরও বড় সুযোগ। ১০৫ টেস্টে ৪৩১ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসারের দরকার আর ৯ উইকেট। সেটি করতে পারলে পেছনে ফেলবেন ভারতের কপিল দেবের ৪৩৪ উইকেট। ৪৪০ উইকেটে পৌঁছাতে পারলে ছাড়িয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকেও।
বাংলাদেশের জন্য বড় আরেকটি চ্যালেঞ্জ হতে পারেন ট্রাভিস হেড। ২০২৫ সাল থেকে ওপেনার হিসেবে ব্যাটিং করে ৯১.৭ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি, যা একাধিক ইনিংসে ওপেন করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। ওপেনিংয়ে নেমে তার আগ্রাসী ব্যাটিং শুরুতেই অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে নিয়ে যেতে পারে। তাই নতুন বল হাতে বাংলাদেশের বোলারদের প্রথম লক্ষ্যই হতে পারেন এই বাঁহাতি ব্যাটার।