দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
চাকরি থেকে বরখাস্ত হওয়া ৬ পুলিশ কর্মকর্তা হলেন- বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্ত হওয়া এই ৬ কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এর প্রেক্ষিতে শোকজের পাশাপাশি তাদের কর্মস্থলে হাজির হতে নির্দেশনা দেওয়া হয়। তবে এরপরও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির মেয়াদ ৬০ দিনের বেশি হওয়ায় তাদের বিরুদ্ধে অননুমোদিত কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
পরবর্তীতে বিভাগীয় মামলার তদন্তে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় বিধি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে ‘গুরুদণ্ড’ হিসেবে তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৬) বিধি অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক তাদের ‘চাকরি থেকে বরখাস্তকরণের’ গুরুদণ্ড দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়।