সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ চলাকালে গুলিতে নিহত হয়েছেন মেক্সিকোর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানের ত্রেস রিওস এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একটি ফাস্টফুড রেস্টুরেন্টের বাইরে দুই বন্ধুকে নিয়ে লাইভ করছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাদের কাছে এসে দাঁড়ায়। এরপর তাদের একজন কাছ থেকে গাস্তেলুমকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
টিকটকে গাস্তেলুমের অনুসারীর সংখ্যা ছিল পাঁচ লাখেরও বেশি। তিনি মূলত হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে পরিচিতি পেয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় গাস্তেলুম ও তার দুই বন্ধু খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মীদের মতো উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট ও ব্যাগ পরেছিলেন। এ কারণে প্রথমে পুলিশ নিহত ব্যক্তিকে একজন ডেলিভারি রাইডার বলে মনে করেছিল। পরে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়।
ঘটনার পর পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো এলাকা ঘিরে ফেলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার পর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।
গাস্তেলুম এর আগে কোনো ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইনস্টাগ্রামে তিনি নিয়মিত ভ্রমণ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বিলাসবহুল গাড়ির সামনে তোলা ছবি প্রকাশ করতেন। তার একটি পোস্টে তাকে নিহত ইনফ্লুয়েন্সার লেওবার্দো আইস্পুরোর কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‘এল গোরদো পেরুচি’ নামে পরিচিত আইস্পুরো ২০২৪ সালের ডিসেম্বরে গুলিতে নিহত হন। পুলিশ সে সময় ধারণা করেছিল, সিনালোয়া কার্টেলের দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘাতের সঙ্গে ওই হত্যাকাণ্ডের সম্পর্ক থাকতে পারে।
উল্লেখ্য, সিনালোয়া অঙ্গরাজ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সহিংসতা বেড়ে যায়। সে সময় মাদকচক্র সিনালোয়া কার্টেলের দুই প্রভাবশালী অংশ—‘লস চাপিতোস’ ও ‘লা মায়িজা’র মধ্যে বিরোধ শুরু হয়। এরপর থেকেই রাজ্যের রাজধানী কুলিয়াকানসহ আশপাশের এলাকায় একের পর এক সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে।