জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করলেও চোটে পড়ে বড় ধাক্কা খেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। বাঁ পাশের পেশিতে গ্রেড-২ টিয়ার ধরা পড়ায় অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে ২.৩ ওভার বল করার পরই অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন নাহিদ। মাঠ ছাড়ার আগে ১৫ রান দিয়ে একটি উইকেটও শিকার করেছিলেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদকে প্রথম এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। ফলে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা খুবই কম।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং করেছিলেন নাহিদ রানা। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার আগেই চোটে ছিটকে যেতে হলো এই গতিতারকাকে।
এদিকে, বাংলাদেশের জন্য আরেকটি দুশ্চিন্তার নাম শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের সঙ্গে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না।
তবে স্বস্তির খবরও আছে। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের।