ম্যানচেস্টার ইউনাইটেড উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার জন্য শুধু ড্র করলেই যথেষ্ট ছিল। কিন্তু জয় পাওয়ার তীব্র ক্ষুধা নিয়ে নামা স্বাগতিকরা শুরু থেকেই ম্যাচে ঝড় তোলে। মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তবে লিভারপুলও সহজে হার মানেনি, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায়। শেষ পর্যন্ত অবশ্য কোবি মায়নোর গোলেই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে এগিয়ে ছিল ইউনাইটেড, কিন্তু বিরতির পর দুই গোল করে সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের শেষ দিকে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা এবং সেই লিড ধরে রেখেই জয় তুলে নেয় মাইকেল ক্যারিকের শিষ্যরা।
এই জয়ের ফলে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর অবস্থান আরও শক্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল।
এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়ন লিগের টিকিটও নিশ্চিত করে ফেলেছে মাইকেল ক্যারিকের দল। টানা দুই মৌসুম বাইরে থাকার পর আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় ফিরছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাব।
ম্যাচের পরিসংখ্যানেও ছিল লড়াইয়ের প্রতিচ্ছবি। বল দখলে এগিয়ে ছিল লিভারপুল,তারা ৬১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। ১২টি শট নিয়ে এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৭টি শট নেয়, যার মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।