মাঝরাত, জনশূন্য রাজধানীর ফ্লাইওভার। অটোরিকশা থামিয়ে বিদ্যুতসহ অন্যান্য লাইনের ক্যাবল কাটছিল একদল চোর। কিন্তু দুই সার্জেন্টের দৌড়ে তছনছ হলো চোরচক্রের ক্যাবল চুরির কার্যক্রম।
রাজধানীর তেজগাঁও লাভ রোড এলাকায় ডিউটি করছিলেন দুই সার্জেন্ট উজ্জ্বল ও প্রদীপ। এক পথচারীর কাছ থেকে খবর পান, ফ্লাইওভারের ওপর চলছে ক্যাবল চুরি। জীবনের ঝুঁকি নিয়ে উল্টো পথেই দৌড় শুরু করেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি চোরচক্রের।
নাখালপাড়া এলাকার এই চক্রটি অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে বিদ্যুতের লাইনসহ মূল্যবান বিভিন্ন ক্যাবল কেটে নিয়ে যেত। ফলে এক নিমিষেই বিচ্ছিন্ন হয়ে পড়ত হাজারো গ্রাহকের বিদ্যুতের লাইনসহ অন্যান্য সংযোগ। সম্প্রতি রাজধানীতে অটোরিকশা ব্যবহার করে আশঙ্কাজনকভাবে অপরাধ বাড়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে ছিঁচকে চোর আর ছিনতাইকারী দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাতে বাড়ানো হয়েছে বিশেষ টহল। জানালেন তেজগাঁও জোনের সার্জেন্ট উজ্জল।
রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এই সাহসী ভূমিকা কি অপরাধীদের মনে ভয় ধরাতে পারবে?