পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ—কেউই সন্তুষ্ট নন। দীর্ঘ আলোচনার পর অবশেষে পুলিশের পোশাকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশ ও পুলিশ বাহিনীর মধ্যে বর্তমানে বিদ্যমান পোশাক নিয়ে অসন্তুষ্টি রয়েছে। এই পোশাকটি আসলে মানানসই হয়নি। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।’
নতুন পোশাকের রূপরেখা নিয়ে তিনি জানান, পোশাকের ওপরের অংশে আগের মতোই শার্ট থাকছে। নিচের প্যান্ট বা পাজামার ক্ষেত্রে পুনরায় খাকি রঙ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এটিকে একটি গ্রহণযোগ্য ও ঐতিহ্যবাহী চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে।
মাদক নির্মূলে কেবল সেবনকারীদের পেছনে না ছুটে বড় কারবারিদের ধরার ওপর জোর দিচ্ছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে বা দেশের ভেতর থেকে যারা বড় আকারে মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আটকের ব্যবস্থা করা হচ্ছে।
৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী ও দাগি আসামির কারাগার থেকে বেরিয়ে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা জামিনে বেরিয়েছেন, এটি আদালতের বিষয়। আদালত কেন বা কীভাবে জামিন দিয়েছেন, তা মন্ত্রণালয়ের বিবেচ্য বিষয় নয়।’
দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনকে ইতিহাসের ‘সবচেয়ে সফল অধিবেশন’ হিসেবে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এই সংসদে রেকর্ডসংখ্যক আইন প্রণয়ন হয়েছে এবং সরকারি ও বিরোধী দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় ইস্যুতে কাজ করেছে।’