ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যুবকের মধ্যে একজনকে কোমর থেকে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু বের করতে দেখা গেছে বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (২২ মে) বিকেলে এনসিপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ঘটনার সময় নাসিরউদ্দিন পাটওয়ারীর আশপাশে স্কাই ব্লু টি-শার্ট পরিহিত কয়েকজন যুবক অবস্থান করছিলেন। ডিম নিক্ষেপ ও ধস্তাধস্তির একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমরে থাকা আগ্নেয়াস্ত্র সম্ভবত পিস্তল, বের করে গুলি করার প্রস্তুতি নেয়। পরে পাশে থাকা আরেকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে সে অস্ত্রটি আবার কোমরে লুকিয়ে ফেলে। দলটির দাবি, পুরো ঘটনাটি উপস্থিত ক্যামেরাতেও ধারণ হয়েছে।
এনসিপির নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার প্রয়োজনে সাধারণ কেউ খেলনা পিস্তল নিয়ে চলাফেরা করেন না। ফলে ওই ব্যক্তির কাছে থাকা অস্ত্রটি বৈধ কি না, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন বলে তারা মনে করছেন।
দলটি জানিয়েছে, সংশ্লিষ্ট যুবকের পরিচয় শনাক্ত করা কঠিন নয় এবং সামান্য অনুসন্ধানেই তাকে চিহ্নিত করা সম্ভব। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেছে এনসিপি।
এছাড়া নাসিরউদ্দিন পাটওয়ারী ও তার দলের সদস্যদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
এর আগে, এদিন দুপুরে ঝিনাইদহ জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে নাসিরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর নাসিরউদ্দিন পাটওয়ারী থানায় অবস্থান নেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা।