জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুকে ‘মানসিকভাবে অপ্রকৃতিস্থ’ এবং তার কথাবার্তা ও আচরণ ‘উন্মাদের মতো’ বলে মন্তব্য করেছেন দলটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া জুলাই আন্দোলনের অন্যতম নেতা মীর আরশাদুল হক। নিজের ফেসবুক প্রোফাইলে বুধবার (২২ এপ্রিল) ভোরে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মীর আরশাদুল হক দাবি করেন, সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার একটি নির্দিষ্ট মান থাকা উচিত, যা এ ধরনের ব্যক্তির কারণে ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, মাহমুদা মিতুর নারী আসনের মনোনয়ন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও বাস্তবে তার মনোনয়ন এসেছে ‘পিনাকী’ ও ‘ইলিয়াস’-এর পক্ষ থেকে। তার ভাষ্য, মিতু যে দলের রাজনীতি করেন, সেই দলেরও তার ওপর নিয়ন্ত্রণ নেই।
সম্প্রতি ১১ দলীয় জোটের প্রাপ্ত ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি আসন থেকে মনোনয়ন পেয়েছেন ডা. মাহমুদা মিতু। জোটের শরিক দলগুলোর মধ্যে, বিশেষ করে জামায়াতে ইসলামীর সমর্থনে তিনি এই মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।