সংযুক্ত আরব আমিরাতে শনিবার সকালে জিলকদ ১৪৪৭ হিজরি মাসের চাঁদের ছবি ধারণ করা হয়েছে। আবুধাবি থেকে ছবিটি তোলা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টায় খাতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে ছবিটি ধারণ করা হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সে সময় চাঁদটি সূর্য থেকে ১১.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল এবং চাঁদের বয়স ছিল ১৬.৫ ঘণ্টা।
ছবিটি তুলেছেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। এ সময় তাকে সহায়তা করেন অবজারভেটরির দলীয় সদস্য খালাফান আল-নাইমি, ওসামা ঘানেম এবং আনাস মুহাম্মদ।
এদিকে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আসন্ন ইসলামিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ তারিখগুলো আমিরাতবাসীর জন্য আগামী মাসে দীর্ঘ ছুটির সুযোগ এনে দিতে পারে।
আরব আমিরাতে কবে ঈদুল আজহা
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আমিরাতে ঈদুল আজহা শুরু হতে পারে আগামী ২৭ মে বুধবার। আর আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে মঙ্গলবার।
এ তথ্য জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান।
আরাফাতের দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় এবং এটি ইসলামী ক্যালেন্ডারের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন।
তবে অন্যান্য ইসলামিক উৎসবের মতোই চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণার ওপর নির্ভর করবে।