ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান রাজনৈতিক অঙ্গনের ‘ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইআরএনএ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় দেশটি ‘প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নেবে’।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে এসময় তিনি ইরান সরকারকে ‘মারাত্মকভাবে বিভক্ত’ হিসেবে অভিহিত করেন।
ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে বাগাই বলেন, ‘কূটনীতি হলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতের হাতিয়ার। যখনই আমরা মনে করব, এই হাতিয়ার ব্যবহারের জন্য প্রয়োজনীয় এবং যৌক্তিক শর্তগুলো বিদ্যমান রয়েছে, তখনই আমরা পদক্ষেপ নেব।’
তথ্যসূত্র: বিবিসি