ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন বিষয় সামনে আসতে পারে—এমন ইঙ্গিত দিয়ে আগাম দুঃখ প্রকাশ ও সংশ্লিষ্ট সবার কাছে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন সংগঠনটির আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি। মঙ্গলবার (৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ওমর হাদি উল্লেখ করেন, তার ভাইয়ের হত্যার আগে ও পরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে অনেক বিষয় উঠে আসতে পারে বলে আগাম দুঃখ প্রকাশ করেন এবং এ জন্য সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তার এই পোস্ট প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ওমর হাদির বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি। পরে তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।
এরপর ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারি হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।