২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় সংসদ সদস্য। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।
ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন—বিএনপির ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।
জানা গেছে, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ঢাকা-৮ আসনের বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠিও দিয়েছেন তিনি।
অন্যদিকে নৈতিক স্খলনজনিত কারণে গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্য পদ এখনো বহাল রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। একইভাবে ভোট দেননি কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক ও চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। তাদের ভোট না দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।