রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শেরেবাংলা নগরের চীন-মৈত্রী মাঠ সংলগ্ন সড়কে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম অলি নূর। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) পড়তেন।
অলি নূরের বন্ধু আরিফুর রহমান ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অলি নূর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। চীন-মৈত্রী মাঠ সংলগ্ন সড়কে একটি ব্যাটারিচালিত রিকশা তাকে অসাবধানতাবশত মোড় নিয়ে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগতির আইসক্রিম পরিবহনকারী ট্রাক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে অলি নূরের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা রয়েছে।