বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭-এর খ (৬) ধারা অনুসারে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে একই দিন বিকেলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপরই দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর নাম ঘোষণা করা হয়।