আগামী দুই করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বাজেটে এই সীমা তিন লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ব বোধ করবেন। এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য তিন লক্ষ ৭৫ হাজার টাকা ও ২০২৮-২৯ ও ২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা ও ২০৩০-৩১ কর বছরের জন্য চার লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সেকারণে মাননীয় স্পিকার ২০২৬-২৭ কর বছরের জন্য চার লাখ টাকা, ২০২৮-২৯ এবং ২৯-৩০ কর বছরের জন্য চার লক্ষ ৫০ হাজার ও ২০৩০-৩১ কর বছরের জন্য পাঁচ লাখ টাকা করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি।’
এ সময়, স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনসংক্রান্ত বিধান নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জমি প্রকৃত মূল্যে নিবন্ধন না হওয়ার কারণে করদাতাদের হয়রানি কমাতে ওই বিধান আনা হয়েছিল।’
তবে অনেকেই বিষয়টিকে ‘কালোটাকা সাদা করার’ সুযোগ হিসেবে দেখায় প্রস্তাবিত ওই বিধান প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সংসদ নেতা।