তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয় করেছে আট কোটি পাঁচ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশনটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে পাঁচ কোটি সাত লাখ নয় হাজার ৪১৭ টাকা।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে আয় ছিল ৩৪ কোটি পাঁচ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা ও ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।
মন্ত্রী আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা ও ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।