জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখায় প্রবাসে কারাভোগের পর দেশে ফেরা ২০৮ জন রেমিট্যান্স যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে এক ব্রিফিংয়ে রুল জারির বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দেশে ফেরা ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। তাদেরসহ মোট ২০৮ জনকে সরকার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী জানান, আদালত শুনানি শেষে ২০৮ জন রেমিট্যান্স যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, এ মর্মে রুল দিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর ক্ষতিপূরণ দিতে যে আবেদন করেছি, সেটি আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।