দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৪ জন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে দুজন, রাজশাহী বিভাগে আটজন ও খুলনা বিভাগে ১৪ জন রয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
অন্যদিকে এই সময়ে ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে পাঁচ হাজার ৪৫৫ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৯২৪ জন। এর মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ ও ৩৭.৯ শতাংশ নারী। আর এই বছর মৃত্যু হয়েছে ১৮ জনের।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।