গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৯ জন। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, রোববার ডেঙ্গুতে দুইজনের মৃত্যুর হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ১৬ জন করে, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে নয় জন, সিলেট বিভাগে তিনজন ও ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (তিনজন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।