মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থানার ভেতরে পুলিশ সদস্যদের উপস্থিতির মধ্যেই ওই ব্যক্তিকে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশের হেফাজতে থাকা ব্যক্তি হ্যান্ডকাফ পরা অবস্থায় মোবাইল কোথায় পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘তানভীর নুসু’ নামের এক যুবক হ্যান্ডকাফ পরা অবস্থায় থানার ভেতরে দাঁড়িয়ে টিকটক করছে। এ সময় তার আশপাশে ডিউটি অফিসারসহ কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় প্রায় ৮ থেকে ১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই যুবকের হাতে মোবাইল ফোন থাকার ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্বে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কারা টিকটক করেছে, বিষয়টি আমার জানা নেই। জেনে আপনাদের জানাব।’
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।