১৯ বলে ফিফটি, ইনিংসে সাতটি ছক্কা! জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে মালয়েশিয়াকে উড়িয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করে মালয়েশিয়া। জবাবে মাত্র ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে সাইদ আজিজ ৫২ বলে ৪০ এবং আহমেদ আকিল ৩৩ বলে ৩০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু হায়দার রনি দুটি উইকেট নেন।
১০৬ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ঝড় তোলেন জিসান আলম ও জাওয়াদ আবরার। জাওয়াদ ৮ বলে ২৩ রান করে ফিরলেও থামেনি জিসানের তাণ্ডব। মাত্র ১৯ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জিসান। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৭টি ছক্কা। তাঁর ব্যাটিং ঝড়ে মাত্র ৪৬ বলেই ম্যাচ শেষ করে বাংলাদেশ এইচপি।
প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল এইচপি দল। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।