টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ৭২ ঘণ্টায় জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এ পয়েন্টে পানি আরও ৭ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে সেখানে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে এবং তালুক শিমুলবাড়ী পয়েন্টে ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সদরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া, হাতিয়া ও চিলমারী পয়েন্টে পানির উচ্চতা যথাক্রমে ২, ২ ও ১৩ সেন্টিমিটার বেড়েছে। তবে সবগুলো পয়েন্টেই পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বেড়ে সকাল ৯টায় ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে রয়েছে। সেখানে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে এবং জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।