গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা ওসি জালাল উদ্দিন মাহমুদ সোমবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন ও টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসন থানার মোগরখাল এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধাদান ও হুমকি প্রদানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।