যৌথবাহিনীর চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫৯৫ পিস ইয়াবাসহ চার ভাই-বোনকে আটক করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে এপিবিএনের পক্ষ থেকে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার মো. মুফিজুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (২৪) ও তার তিন বোন—তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাখি (১৯)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথবাহিনীর সদস্যরা চেকপোস্টে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় তাদের কাছে ৫৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদকসহ চার ভাই-বোনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।