পিরোজপুরের নেছারাবাদে ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার মৈশানী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুমানা ইয়াসমিন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী ঝড়ের সময় রুমানা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে গেলে গাছটি রুমানা ইয়াসমিনের ওপর পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুমানার স্বামী নজরুল ইসলাম বলেন, ‘দুপুরে হটাৎ ঝড় শুরু হয়। এসময় আমার স্ত্রী রান্না করছিল। কিছুক্ষণের মধ্যে তীব্র বাতাসে একটি বড় গাছ এসে আমাদের ঘরের ওপর পড়ে। তখন আমরা আমাদের বড় ঘড়ের দিকে দৌড় দিলে আমার স্ত্রীর ওপর গাছটি পড়ে।’
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। রোগীর বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল।