বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও এক ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) ভোররাত ও সকালে সংঘটিত এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ট্রাকচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কাহালুর ওই ফিড মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং কারখানার ভেতরেই বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাতে কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, বুধবার সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল রাস্তার মাথায় বালুভর্তি দুটি ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত ও চালক আহত হন।
নিহত মো. ইনজামাম (২০) ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনী গ্রামের ইজ্জত আলীর ছেলে। আহত ট্রাকচালক মো. শামীম শেখ (৩৫) একই উপজেলার খেদাপাড়া গ্রামের আরব আলী শেখের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে নাটোরগামী বালুভর্তি একটি ট্রাক ফোকপাল এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত চালক শামীম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।